
আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় নয় মাস ধরে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। মৃত্যু সংখ্যা ১০ লাখ ছুঁই ছুঁই অবস্থা; নয় লাখ ৯৮ হাজার ১০৯ জন। হয়তো আর একদিনও লাগবে না ১০ লাখ পেরোতে। ঠিক এই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও, হু) আশঙ্কা প্রকাশ করছে, করোনা ভাইরাস রুখতে সব দেশ জোটবদ্ধ হয়ে কাজ না করলে এই মৃত্যু সংখ্যা দ্বিগুণও হতে পারে! অর্থাৎ ২০ লাখ; দুই মিলিয়ন! সংস্থাটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মাইক রায়ান বলেন, নয় মাসে ১০ লাখের কাছাকাছি মৃত্যু। ভ্যাকসিন আসতে হয়তো আরও নয় মাস। ভেবে দেখলে বিষয়টা সত্যিই অকল্পনীয়, কিন্তু অসম্ভব নয়। এই পরিস্থিতিতে ঘুরে ফিরে একটাই প্রশ্ন উঠছে, আরও কঠিন সময় হয়তো আসতে চলেছে। সেটা আটকানোর জন্য আমরা কি প্রস্তুত? জেনেভায় সংবাদ সম্মেলন করে তিনি বলেন, গোটা বিশ্বে মৃত্যুহার ধীরে ধীরে কিছুটা কমেছে। তার একটা বড় কারণ, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদের বাঁচানোর জন্য জান লড়িয়ে দিচ্ছেন চিকিৎসক-বিশেষজ্ঞেরা। অক্সিজেন দেওয়া, স্টেরয়েড প্রয়োগ, যা যা করা যায়। কিন্তু ভ্যাকসিন না আসা পর্যন্ত এবং বিশ্বের সর্বত্র তা সহজলভ্য হওয়া পর্যন্ত রেহাই নেই। এই সময়ে মৃত্যু ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রায়ানের।