
আন্তর্জাতিক ডেস্কঃকরোনার কারণে ইতালির প্রাণচঞ্চল শহর ঐতিহাসিক রোমের চেহারা পাল্টে গেছে। বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, পর্যটকের সংখ্যা হাতে গোনা। দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। স্মরণকালে এমন রোম দেখেনি কেউ। ঐতিহাসিক এই নগরীতে শীত, গ্রীষ্ম সকল ঋতুতেই জনাকীর্ণ থাকে-পর্যটন এলাকাগুলো। তবে, করোনাভাইরাস সবকিছু পাল্টে দিয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র ভিয়া দেল কোর্স এখন পর্যটক শূন্য। এখানে বহু দোকান বন্ধ হয়ে গেছে।
এই অঞ্চলে ক্ষুদ্র ব্যবসা এবং কাজে নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরাও ক্ষতির শিকার। তারা বলছেন, করোনার কারণে পর্যটক নেই, নেই তাদের ব্যবসাও। নগরীর বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখা গেছে, ইতালীয় ছাড়া বিদেশি পর্যটক নেই বললেই চলে। যারা নগরীতে এসেছেন কাজের ফাঁকে দেখে নিচ্ছেন শহরটি। ঐতিহাসিক নিদর্শন এবং জাদুঘরগুলোতে মানুষের আনাগোনা নেই । এই সময়ে নগরীর টাইবার নদীর তীরে মানুষের ভিড় থাকার কথা। কিন্তু সেখানেও শূন্যতা।
করোনার কারণে ব্যবসা-বাণিজ্যেও ধস নেমেছে। ক্ষতির শিকার হচ্ছেন ইতালীয়সহ প্রবাসী ব্যবসায়ীরাও। এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এই নগরীর মাঝখান দিয়ে বয়ে যাওয়া টাইবার নদীসহ রোমের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে এখনও পর্যটকের তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। এই নদীতে গড়ে ওঠা ভাসমান রেস্টুরেন্ট গুলোর প্রায় সবগুলোই বন্ধ হয়ে গেছে।