
আন্তর্জাতিক ডেস্কঃ জাপান অলিম্পিক সামনে রেখে চলছে শুটারদের অনুশীলন ক্যাম্প। স্বাস্থ্যবিধি মেনে শুটারদের প্রস্তুতিতে সন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। আশ্বাস দিয়েছে সব ধরণের সহযোগিতার। অলিম্পিকের আগে বিদেশি কোচ আনতে চলছে বলেও জানান তারা। তবে শুটাররা বলছেন, কোচ পাওয়া না গেলেও মূল লড়াইয়ের নামার আগে ষোলো আনা প্রস্তুতি শেষ করার লক্ষ্য তাদের।
করোনা আর ফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দল শেষে রেঞ্জে এখন শুটাররা। ওয়াইল্ড কার্ড নিয়ে কয়জন যাবেন অলিম্পিকে জানা যায়নি এখনো। তাই বলে প্রস্তুতি তো আর থেমে থাকবে না। বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধি মেনেই শুরু হচ্ছে খেলাধুলা। শুটিং ফেডারেশন চ্যালেঞ্জটা কীভাবে সামলাচ্ছে সেটাই পরিদর্শন করে অলিম্পিক কর্মকর্তারা। সেই সাথে অলিম্পিক সলিডারিটির আওতায় সম্মানীও পেয়েছেন শুটাররা। ক্যাম্প পরিদর্শন শেষে সন্তুষ্টি জানিয়েছে তারা।
শুটারদের জন্য ভালো বিদেশি কোচের ব্যাপারে বেশকিছুদিন ধরেই চেষ্টা চলছে। করোনা মহামারীর কারণে কাজটা কঠিন হয়ে গেলেও এখনো হাল ছাড়েনি ফেডারেশন। তবে শেষ পর্যন্ত কোচের দেখা না মিললেও নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায়না শুটাররা।