
আন্তর্জাতিক ডেস্কঃ শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে গেল সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে দেশটির মোট অর্থনীতির আকারকে। মার্কিন বার্তা সংস্থা সিএনএন-সহ আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এখনও চূড়ান্ত হিসাব পাওয়া না গেলেও কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের বর্তমান ঋণ এর জিডিপির ১০২ শতাংশ। অর্থাৎ মোট দেশজ উৎপাদন জিডিপির চেয়েও ঋণ বেশি। সিবিও'র অনুমান, আগামী বছর আরও বাড়বে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ। ২০২১ সালে দেশটির ঋণের আকার হবে জিডিপির ১০৪ শতাংশ। এর আগে ১৯৪৬ সালে দেশটির ঋণের পরিমাণ ছিল এর চেয়ে বেশি; ২য় বিশ্বযুদ্ধের পরপরই ওই বছর জিডিপির ১০৬.১ শতাংশ ছিল মার্কন মোট ঋণের পরিমাণ। ফেডের বাজেট প্রণয়নের দায়িত্বশীল কমিটি সিআরএফবি'র প্রেসিডেন্ট মায়া ম্যাকগুইনিয়াসের শঙ্কা শিগগিরই ঋণের অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্র। একই অনুমান সিবিও'র। সিবিও বলছে, সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ঋণের পরিমাণ দাঁড়াবে জিডিপির ১০৭ শতাংশ। এবং ২০৩০ অর্থবছরে দেশটির ঋণের আকার হতে পারে জিডিপির ৯ শতাংশ বেশি অর্থাৎ সে বছর জিডিপির ১০৯ শতাংশে ঠেকতে পারে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ। অর্থাৎ আগামী ১০ বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ঋণের আকার হবে দ্বিগুনের বেশি। ২০১৯ সালে যেখানে দেশটির ঋণের পরিমাণ ছিল ১৬.৮ ট্রিলিয়ন ডলার সেখানে ২০৩০ সালে তা দাঁড়াবে ৩৩.৫ ট্রিলিয়ন ডলারে।