
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন চার হাজারের বেশি মানুষ। সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে নতুন করে দেয়া হচ্ছে বিধি নিষেধও। জার্মানিতে কোনভাবেই যেন বশে আনা যাচ্ছে না করোনাকে। দিন যতই যাচ্ছে ততই সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশী সংক্রমিত প্রবাসী অধ্যুষিত রাজধানী বার্লিন, নর্দরাইন ভেস্টফালেন, বায়ার্ণ ও মেকলেনবুর্গ ফরপমার্ন। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টার কমতি নেই মের্কেল প্রশাসনের। বিশেষ করে রাজধানী বার্লিনে রাত ১১টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি সব সময় মাস্ক পরিধান করা ও মদ্যপানে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে বার্লিনের রাজ্য সরকার। এদিকে একটি কার্যকরী প্রতিষেধক তৈরি না হওয়া পর্যন্ত কাছের আত্মীয়-স্বজন বা বন্ধু বান্ধব ছাড়া সব ধরনের পার্টি বা জনসমাগম হয় এমন জায়গা থেকে দুরে থাকার পরামর্শও নাগরিকদের।