
আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় বিপর্যস্ত মার্কিন নৌবাহিনী। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৯০টি যুদ্ধজাহাজে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। দেশটির হাতে মোট ২৯৬টি মোতায়েনযোগ্য যুদ্ধজাহাজ রয়েছে। সেই হিসাবে শতকরা ৬৫ ভাগ জাহাজেই হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত এপ্রিল মাসের শেষের দিকে মার্কিন নৌ বাহিনী দাবি করেছিল যে, তাদের চল্লিশটি যুদ্ধজাহাজে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন সে সংখ্যা প্রায় দুইশ’র কাছাকাছি পৌঁছেছে।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এমিলি উইলকিন আরো জানিয়েছেন, আক্রান্ত যুদ্ধজাহাজের অনেকগুলো রয়েছে সমুদ্রে, আবার অনেকগুলো বন্দরে । তবে মার্কিন যুদ্ধজাহাজ থিওডোর রুজভেল্ট এবং ইউএসএস কিডে যে পরিমাণে করোনাভাইরাসের মহামারি ছড়িয়েছে এসব জাহাজে তেমনটি হয়নি। কোন জাহাজ মারাত্মকভাবে করোনা সংক্রমণে পড়েছে এবং কোন জাহাজে মহামারি আকারে ছড়িয়ে পড়েনি তা পরিষ্কার নয়। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী করোনাভাইরাসের নিয়মিত রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে।