
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের বাগদত্তা হাতিতে চেঙ্গিস। মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই মামলা দায়ের করেন তিনি। সালমানের নির্দেশে খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন খাশোগি। পরে তুর্কি কর্তৃপক্ষ তথ্য প্রমাণসহ জানায়, কনস্যুলেটে সৌদি আরবের ভাড়া করা একদল খুনির হাতে নির্মম হত্যার শিকার হন ওয়াশিংটনের এ কলামিস্ট। হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়। ঝলসে দেয়া হয় অ্যাসিড দিয়ে। ২ বছর পার হলেও এখনো তার মরদেহের হদিস মেলেনি।তবে, তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক।