
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৩৩ ঘণ্টা পর ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির এজিয়ান উপকূল এবং গ্রিক উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার মানুষ। গ্রিসের উপকূলে ২ কিশোর নিহত হয়েছে। ভূমিকম্পে ইজমির প্রদেশের অন্তত ২০টি ভবন ধ্বংস হয়ে যায়। উদ্ধার হওয়া ৭০ বছর বয়সী বৃদ্ধের নাম আহমেদ চিতিম। স্থানীয় রিজা বে আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ভূমিকম্পে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের জন্য অতিদ্রুত নতুন বাড়ি নির্মাণ করা হবে। ঘরবাড়ি হারানো মানুষদের জন্য অস্থায়ী বসতি এবং খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে।