
আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের তৈরি ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে কানাডা। ইতোমধ্যে ইসরাইল তাদের নিজেদের তৈরি ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। তেল আবিবের আশা, আগামী গ্রীষ্মের মধ্যে সবার জন্য টিকা প্রস্তুত করা। আর মার্কিন শিশু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বড়দের পাশাপাশি, শিশুদের জন্য একটি কার্যকরী ভ্যাকসিন নিয়ে আসা না গেলে, পরিণতি ভয়াবহ হতে পারে। চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করায়, রাস্তায় নেমেছেন ব্রাজিলের শত শত মানুষ। তাদের দাবি, সবার জন্য নিরাপদ নয় এ টিকা। বিক্ষোভকারীদের দাবি একটি ভ্যাকসিন পুরো জনগোষ্ঠীর জন্য কার্যকর নয়। অন্যদিকে এ ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনিরাপদ বলে দাবি করেছে। কয়েকটি দেশের ভ্যাকসিনের প্রয়োগ চলছে ব্রাজিলে। যা নিয়ে বিভিন্ন সময় সৃষ্টি হয়েছে জটিলতাও। আর এতেই ক্ষেপেছেন সাধারণ মানুষ। ভ্যাকসিন তৈরিতে সাফল্যের দাবি করেছে ইসরাইল। তারা এরই মধ্যে ট্রায়াল শুরু করেছে। যা সফল হলে আগামী বছরের গ্রীষ্মের মধ্যে সবার কাছে তা পৌঁছে দেয়া যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ। 'ব্রি-লাইফ' নামের ভ্যাকসিনটি তিন ধাপে ৩০ হাজার মানুষকে দেয়ার পরিকল্পনা রয়েছে নেতানিয়াহু সরকারের। কানাডাও প্রস্তুত নিজস্ব ভ্যাকসিনের ট্রায়ালের জন্য। টরন্টোর 'প্রভিডেন্স থেরাপিউটিক্স' কোম্পনি তাদের ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষা চালাবে দ্রুতই। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকার যাতে অনুমতি দিয়েছে।করোনার কার্যকরী ভ্যাকসিন নিয়ে আসতে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।