
আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার নয়দিল্লিতে ৬ হাজার ৮৪২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ শনাক্তের সংখ্যা। এর আগের দিন আক্রান্ত শনাক্ত হয় ৬ হাজার ৭২৫ জন। নয়াদিল্লির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। নয়াদিল্লিতে মোট ৪ লাখ ৯ হাজার ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৩৭ হাজার মানুষ বর্তমানে করোনা আক্রান্ত বলেও জানানো হয়। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল সতর্ক কর বলেন, গেল কয়েক দিন ধরে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। অক্টোবর থেকে রাজ্যে তৃতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এর আগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা তিন হাজারের নিচে নেমে গিয়েছিল। এখন আবার বাড়ছে। ভারতে এদিন ৫০ হাজার ২১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ভারতে এ পর্যন্ত ৮০ লাখ ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন।