
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়া অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে যুক্তরাজ্যের অর্থনীতিতে আরও ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে ব্যাংক অব ইংল্যান্ড। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে এই অর্থ ঋণে সুদের হার রাখা হচ্ছে রেকর্ড দশমিক ১ শতাংশ। লকডাউন জোরদার করা, ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় নতুন নতুন বিধিনিষেধ আরোপ- এসব কারণ যুক্তরাজ্যের অর্থনীতিকে আবার নিচের দিকে নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যখন আর্থিক মন্দা কাটাতে পরিকল্পনা করছে ব্যাংকটি তখন সরকারের দেয়া করোনাকালীন সহায়তা শেষে বেকারত্ব বাড়ারও আশঙ্কা করা হচ্ছে। ব্যাংক অব ইংল্যান্ডের পূর্বাভাস, চলতি বছরের শেষ প্রান্তিকে দেশটির অর্থনীতি ২ শতাংশ সংকুচিত হবে। বছরজুড়ে হিসাবে এবছর এই সংকোচন হবে ১১ শতাংশ। তবে, ২০২১ সালে যখন বর্তমানের বিধি নিষেধগুলো শিথিল করা হবে তখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করবে নিম্নমুখী এই অর্থনীতি। আশঙ্কা করা হচ্ছে আগামী বছরের মাঝামাঝিতে দেশটির বেকারত্ব হার প্রায় ৮ শতাংশে (৭.৭৫) পৌঁছবে। ২০১৩ সালের পর যা সর্বোচ্চ।