
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলিনা। আগামী চার বছর হোয়াইট হাউস কার—উত্তর লুকিয়ে আছে এই পাঁচ রাজ্যের ফলের উপর। ২৭০ ইলেক্টোরাল ভোটের হিসেবে ভারতীয় সময় শুক্রবার রাত পর্যন্ত এগিয়ে জো বিডেন। তাঁর ঝুলিতে ২৬৪ ভোট। বেশ কিছুটা পিছিয়ে ট্রাম্প, ২১৪ ভোট। অঙ্কের হিসেবে ব্যবধান ৫০। কিন্তু এ যে ভোটের অঙ্ক! বদলাতে কতক্ষণ! সেকথা বিলক্ষণ জানেন বিদায়ী প্রেসিডেন্ট। হাল ছাড়ছেন না। তাই তিনি শেষ পর্যন্ত অপেক্ষার বার্তা দিয়েছেন।
অপেক্ষা করছেন ডেমোক্র্যাট প্রার্থীও। অধীর আগ্রহে। রেসের লাল ফিতে ছুঁয়ে হোয়াইট হাউসে পা রাখার জন্য। রেকর্ড ৭ কোটি ১৫ লক্ষ পপুলার ভোট জিতে নেওয়া জো বিডেনও সমর্থকদের অপেক্ষা করার বার্তা দিয়েছেন। বলেছেন, ‘আমরাই জিতছি।
এপর্যন্ত প্রকাশিত নির্বাচনি ফলাফলে এটা স্পষ্ট যে সময়ের সাথে সাথে আশা বাড়াচ্ছে দেশটির নেভাদা, অ্যারিজোনার ফল। দুই প্রদেশেই এগিয়ে রয়েছেন বিডেন। জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৯১৮ ভোটে পিছনে ফেলেছেন ট্রাম্পকে। ১৯৯২ সালের পর এই প্রদেশে প্রথম কোনও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। এখানে জিতলেই হাতে আসবে ১৬ ইলেক্টোরাল ভোট। পেনসিলভেনিয়ার ২০ ইলেক্টোরাল ভোট পাওয়ার দৌড়েও এগিয়ে বিডেন। এর মধ্যেই জর্জিয়া ও মিশিগানে ভোট গণনা বন্ধ করতে মামলা করেছিল টিম ট্রাম্প। দুই প্রদেশের আদালতই তা খারিজ করে দেয়। রিপাবলিকান প্রার্থীর চ্যালেঞ্জ অবশ্য অনেকটাই বেশি। হোয়াইট হাউসে আরও চার বছরের জন্য পেনসিলভেনিয়ার পাশাপাশি অন্তত আরও তিনটি প্রদেশে জিততেই হবে ট্রাম্পকে।
জয়-পরাজয়ের দড়ি টানাটানির মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ডেমোক্র্যাটরা ভুয়ো ভোট দিয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে বলে মন্তব্য করেন ট্রাম্প। ভিত্তিহীন এই মন্তব্যের পরেই সম্প্রচার বন্ধ করে দেয় একাধিক মার্কিন চ্যানেল। ট্রাম্প বা তাঁর দলের কাছে এই ঘটনা অবশ্য নতুন কিছু নয়। চলতি নির্বাচনে বারংবার ভিত্তিহীন মন্তব্যের অভিযোগ উঠেছে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে। ভুয়ো ভোট ইস্যুতে চুপ থাকায় রিপাবলিকান শিবিরের অন্যতম মুখ নিকি হ্যালির কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি বলেন, ‘২০২৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন, এমন ব্যক্তিরা মুখে কুলুপ এঁটে সাইডলাইনে বসে রয়েছেন।’