
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের যবনিকা পতন এত তাড়াতাড়ি হচ্ছে না। সহজে হাল ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্পের হয়ে এবার সেই শঙ্কা উস্কে দিলেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। জানিয়ে দিলেন, একবার সমস্ত বৈধ ভোট গণনা হোক তারপর দ্বিতীয় ট্রাম্প সরকার হবে আমেরিকায়। ডেমোক্র্যাট জো বাইডেনের জয়কে অস্বীকার করেছেন পম্পেও। যার জেরে প্রবল সমালোচিত হয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ পম্পেও। পরে ফক্স নিউজকে একটি সাক্ষাৎকারে সুর নরম করে বলেছেন আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে যেই বসুক না কেন তিনি যেন বৈধ ভোটে জিতে ক্ষমতায় আসুক এবং সমস্ত আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করুক। এর আগে গত শনিবার সমস্ত সংবাদমাধ্যম এবং পোলিং বুথ বাইডেনকে জয়ী ঘোষণা করার পর ট্রাম্প এবং তার সহযোগীরা ব্যালটকে অবৈধ ঘোষণা করে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তখন পম্পেও বাইডেনকে প্রেসিডেন্ট পদে জয়ী হিসাবে মেনে না নিলেও দ্বিতীয় ট্রাম্প সরকারের আভাস দিয়েছেন। পম্পেওর দাবি দ্বিতীয় ট্রাম্প প্রশাসন মসৃণ ভাবে গঠন হবে। পম্পেওর মন্তব্যের পরেই আসরে নেমেছে ডেমোক্র্যাটরা। পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিয়ট এঙ্গেল বলেছেন বিদেশ দফতর এবার বাইডেনের অভিষেকের প্রস্তুতি শুরু করুক। সচিব পম্পেও ভুয়া, ভিত্তিহীন আক্রমণ না করে নির্বাচনের ফলাফলকে মর্যাদা দিন। ট্রাম্পের বিদায়কে আমেরিকানদের সুরক্ষার উপর আঘাত হিসাবে দেখছেন পম্পেও।