
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ধাক্কা স্পষ্ট হয়ে উঠছে। দেশটিতে একদিনে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৪৩ হাজার মানুষ। এ অবস্থায় নিউইয়র্ক সিটিতে রাত ১০টার পর রেস্টুরেন্ট, বার, জিম বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোল থামতে না থামতেই স্পষ্ট হতে শুরু করেছে করোনা সংক্রমণের ভয়াবহতা। যুক্তরাষ্ট্রে রোগ সংক্রমণ বিশেষজ্ঞদের ধারণাই সত্যি হতে যাচ্ছে। করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় টালমাটাল দেশটি। অন্যান্য অঙ্গরাজ্যের মতো নিউইয়র্কেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গভর্নর অ্যান্ড্রু কুমো নতুন বিধিনিষেধ ঘোষণা করেছেন।এদিকে নিউইয়র্ক সিটির জীবনযাত্রায়ও কড়াবিধি নিষেধ আরোপ করেছেন মেয়র বিল ডি ব্লাসিও। এক ঘোষণায় তিনি বলেছেন, রেড জোন এলাকায় গণসমাবেশ করলে ১৫ হাজার ডলার জরিমানা করা হবে। মসজিদ. মন্দির, গির্জায়ও সর্বোচ্চ ১০ জনের বেশি উপস্থিত হওয়া যাবে না। আগামী ১৩ নভেম্বর শুক্রবার থেকে গভর্নর ও মেয়রের নির্দেশ কার্যকর হবে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, পুরো যুক্তরাষ্ট্রে করোনায় গত ৭ মাসে ২ লাখ ৪৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শতাধিক বাংলাদেশি রয়েছেন। আর আক্রান্ত হয়েছেন এক কোটি সাত লাখ মানুষ।