
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটছে একের পর এক নাটকীয়তা। অনিশ্চয়তার অন্ধকার যেন কাটছে না বিশ্বের সবচেয়ে পুরানো গণতান্ত্রিক দেশটিতে। ভোটে কারচুপির অভিযোগে বুধবার পেনসিলভেনিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির। আর জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট আবারও হাতে গণনার ঘোষণা এসেছে। এখনো ফলাফল ঘোষণা হয়নি অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও। বুধবার ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবসরপ্রাপ্ত সৈনিক দিবস বা ভেটেরানস ডে উপলক্ষে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে ছয় দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প। ছিলেন বিষণ্ণ।
যদিও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও ছিলেন ট্রাম্পের থেকে দূরে।ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে সম্মাননা জানান ট্রাম্প। তবে কোনো বক্তব্য রাখেননি। যথারীতি টুইটে ছিলেন সক্রিয়। বেজায় ক্ষেপেছেন দোদ্যুল্যমান পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় নিজ দলের নির্বাচন কর্মকর্তার ওপর। আল হুইম্পট নামে ওই কর্মকর্তা ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন, নির্বাচনে কোনো কারচুপি হয়নি। কিন্তু ওই অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ এনে লাল শিবির মামলা করেছে। চেয়েছে ন্যয় বিচার।ভোট কারচুপি নিয়ে রিপাবলিকান দলের সিনেটরদের চাপে আছেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রেফেন্সপারজার। তিনি জানিয়েছেন, জর্জিয়ার প্রতিটি ভোট আবারও হাতে হাতে গোনা হবে।