
আন্তর্জাতিক ডেস্কঃ ২০০৮ সালে ভয়াবহ মুম্বাই হামলায় পাকিস্তানের হাত থাকার সন্দেহ আরো তীব্র হলো। পাকিস্তানের তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (FIA) জঙ্গি তালিকায় নাম রয়েছে এমন ১১ জনের যারা মুম্বাই জঙ্গি হামলায় প্রত্যক্ষভাবে জড়িয়ে ছিল। মুম্বাই হামলায় পাকিস্তানের জঙ্গিদের অবদান ভারত বারংবার প্রমাণের চেষ্টা করে আসছে। ২০০৮ সালের মুম্বাইতে জঙ্গি হামলায় সমুদ্রপথে মুম্বাইতে আসার জন্য কেনা হয়েছিল 'আল ফৌজ' নামে একটি বোট। সেটি কিনেছিল এফ আই এ'র জঙ্গি তালিকায় থাকা মহম্মদ আমজাদ খান। বাড়ি মুলতানে। ওই বোটটি ছাড়াও সে করাচির 'এ আর জেড ওয়াটার স্পোর্ট' থেকে কিনেছিল একটি ইয়ামাহা মোটর বোট ইঞ্জিন, লাইফ জ্যাকেট। ওই সব জিনিস ব্যবহার হয়েছিল মুম্বাই হামলায়।'আল ফৌজ' বোটের ক্যাপ্টেন ছিল শাহিদ গফুর। তার নামও রয়েছে জঙ্গি তালিকায়। পাক তদন্ত সংস্থার ওই তালিকায় রয়েছে ৯ বোট ক্রুর নাম। এরাই পাকিস্তানি জঙ্গিদের এনেছিল মুম্বাইয়ে।যে ৯ জনের নাম পাকিস্তানি তদন্ত সংস্থা করেছে তারা হল মহম্মদ ওসমান, আতিকুর রহমান, রিয়াজ আহমেদ, মহম্মদ মুস্তাক, মহম্মদ নইম, আবদুল শুকুর, মহম্মদ সাবির, মহম্মদ উসমান, শাকিল আহমেদ। এদের সবার নাম জাতিসংঘের জঙ্গি তালিকাতেও রয়েছে।