
আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি থেকে সরে ভিন্ন কৌশলে বিশ্ববাণিজ্যে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অংশিদারিত্ব নিশ্চিত করতে চান দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশ নিয়ে বিশ্বের ২য় শীর্ষ অর্থনীতির দেশ চীন গত রোববার (১৫ নভেম্বর) রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) নামক একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার পর এমন বাণিজ্য কৌশল নিয়ে সামনে যাওয়ার পরিকল্পনার কথা জানালেন বাইডেন। বলা হচ্ছে, চীনসহ ১৫টি দেশের এই অংশিদারিত্ব বিশ্ববাণিজ্যের এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করবে। বাইডেন বলেছেন, বিশ্ব অর্থনীতির ২৫ ভাগ বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য দেশের সঙ্গেও আমাদের জোটবদ্ধ হয়ে এক কাতারে দাঁড়াতে হবে যেন আরও ২৫ ভাগ বা তারও বেশি অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এভাবেই আমাদের বাণিজ্য কৌশল সাজাতে হবে। চীন এখন অন্য দেশকে সঙ্গে নিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে এগিয়ে চলেছে কারণ বর্তমানে শুধু তারাই মাঠের খেলায় রয়েছে বলেও মনে করেন তিনি। আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব- আরসিইপি অথবা ট্রান্স প্যাসিফিক অংশিদারিত্বের মতো চুক্তিতে যুক্তরাষ্ট্র আসবে কি-না তা নিয়ে এখনও না ভাবলেও ট্রাম্প প্রশসান থেকে বেশ আলাদা হবে তার নীতি কৌশল।