
আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন মারা গেছেন। মঙ্গলবার মোগাদিসুতে পুলিশ একাডেমির নিকট একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। বলা হয়েছে আত্মঘাতী ওই বোমা হামলা কে বা কারা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলার কিছুক্ষণ পর সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পুলিশের মুখপাত্র সাদিক আলী জানান পুলিশ অ্যাকাডেমির কাছে একটি রেস্টুরেন্টে এই বোমা হামলা চালানো হয়। মোহাম্মদ আলী নামে একজন প্রত্যক্ষদর্শী জানান বিস্ফোরণের পর পুলিশ গুলি ছুড়েছিল। বোমা বিস্ফোরণের পর তিনি রেস্টুরেন্ট থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন। আল কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রায়ই মোগাদিসুসহ সোমালিয়ার বিভিন্ন অংশে হামলা চালায়। দেশটির সরকার উৎখাতের মাধ্যমে হর্ন অব আফ্রিকা জুড়ে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায় গোষ্ঠীটি। তবে মঙ্গলবারের মোগাদিসুর হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি গোষ্ঠীটি।