
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারিতে নিম্নমূখি অর্থনীতির সূচক। ভাটা পড়েছে রাজস্ব আয়ের উপরও। বেড়েছে বেকারত্ব আর অস্থিরতাও। এত কিছুর পরও ব্যয়সংকোচনের মতো নীতি হাতে নেয়নি বিশ্বের অন্যতম ধনি দেশ সৌদি আরব। অন্য দেশগুলো যখন অর্থনীতির চাকা স্বচল রাখতেই হিমশিম খাচ্ছে এমন মুহূর্তে ব্যয় বাড়ানোর মতো সিদ্ধান্তও নিতে পেরেছিল অঢেল সম্পদ জমা করে রাখা এ দেশটি। এর সবই সম্ভব হয়েছে শুধুমাত্র জ্বালানী নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসার কারণে। এমনটাই দাবি করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ব্লুমবার্গ। সৌদি প্রেস এজেন্সি সালমানের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘অর্থনৈতিক পুনর্গঠনের কারণেই করোনার নেতিবাচক প্রভাব মোকাবেলা করা সম্ভব হয়েছে।’ মহামারীর প্রভাবে চাহিদা কমে যাওয়ার জ্বালানি খাত থেকে আয় আগের বছরের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কমে ১০ হাজার ৩৯০ কোটি ডলারে নেমে যাওয়ার ধারণা করা হয়। বিপরীতে এ সময়ে দেশটির জ্বালানিবহির্ভূত আয় ১৪ শতাংশ বেড়ে ৩৬ হাজার কোটি রিয়েল হওয়ার সম্ভাবনার কথা বলছেন বিশ্লেষকরা। নভেল করোনাভাইরাস ও জ্বালানির দরপতনের দ্বিমুখী চাপ সামলাতে সৌদি কর্মকর্তারা মূল্য সংযোজন কর দ্বিগুণ বাড়িয়েছেন। এছাড়া কাস্টমস ফি বাড়ানো হয়েছে এবং সরকারি কর্মীদের জীবনযাপনের ব্যয় ভাতা কমানো হয়েছে।