
স্পোর্টস ডেস্কঃ করোনা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ঘরের মাঠে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের সিরিজ চলাকালে করোনা আক্রান্ত হয়েছিলেন হেড কোচ জেমি ডে। ফলে দ্বিতীয় ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি তিনি। হোটেলে আইসোলেশনে থাকতে হয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় কোচ ছাড়াই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার গিয়েছে ২৫ সদস্যের বাংলাদেশ ফুটবল দল। শুধু কোচই নয়, করোনা পজিটিভ হওয়ায় কাতার যাত্রায় দলের সঙ্গী হতে পারেননি ডিফেন্ডার মনজুরুল রহমান।এবার কাতার গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান এবং ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার। মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তারপরই জানা যায় দলের ম্যানেজারের করোনা পজিটিভ হওয়ার খবর। এদিকে, কাতারে বাংলাদেশ ফুটবল দলকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর অনুশীলনে নামবে জামাল ভূঁইয়ারা।আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। গত বছর অক্টোবরে ঢাকায় প্রথম ম্যাচে কাতার জিতেছিল ২-০ গোলে।