
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মুহসেন ফাখরিজাদে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে বিবৃতি দিয়েছেন।এদিকে শীর্ষ পরমাণুবিজ্ঞানী হত্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে তাদের লজ্জাজনক দ্বিচারিতার অবসান ঘটানো এবং এই রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছে।জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাকহাত একে নির্মম হত্যাকাণ্ড উল্লেখ করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান। একটি দেশের শীর্ষ কর্মকর্তাকে হত্যার জেরে আঞ্চলিক অস্থিরতা ছড়িয়ে পড়ারও পূর্বাভাস দিয়েছেন তিনি।ফাখরিজাদে হত্যায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর আগেও একই কায়দায় ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করে মোসাদের এজেন্ট। তেহরানও ইসরায়েলকে দায়ী করে আসছে।শুক্রবার ২৭ সেপ্টেম্বর তেহরান থেকে ৭০ কিলোমিটার পূর্বে আবসার্দ শহরের ভয়াবহ হামলার শিকার হন মহসেন। প্রথমে তার গাড়িতে বোমা হামলা, এরপর মেশিনগান দিয়ে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে হামলায় মুহসেনের দেহরক্ষী এবং পরিবারের সদস্যরাও গুরুতর আহত হন।