
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজারে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো। রোববার ভারত সেই প্রস্তাবের কড়া সমালোচনা করে বলেছে, জম্মু-কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশের নেই। ভারতের বিবৃতিতে ফের বলা হয়েছে, জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। এবং বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়।নাইজারে গত ২৭ থেকে ২৯ নভেম্বর ৪৭তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিলেন গুরুত্বপূর্ণ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। করোনা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বৈঠকে আলোচনা হয়েছে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে। ২০১৯ সালে কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেয় মোদি সরকার। ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত, তা বাতিল হয়ে যায়। একই সঙ্গে জম্মু-কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। একটি লাদাখ এবং অন্যটি জম্মু-কাশ্মীর।কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পর বিতর্ক কম হয়নি। দেশের ভিতর বিরোধীরা এর প্রতিবাদ করেছেন। দেশের বাইরেও এর প্রভাব পড়েছে। পাকিস্তান গোড়া থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে। আন্তর্জাতিক মঞ্চে এ বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণের আবেদন জানিয়েছে ইমরান খানের সরকার। কিন্তু জাতিসংঘ থেকে শুরু করে একাধিক মঞ্চে পাকিস্তানের আবেদন সে ভাবে গুরুত্ব পায়নি। ভারত বারবারই বলে এসেছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য কোনো রাষ্ট্রের সে বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।