
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিতর্কিত নতুন কৃষক আইন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমর্থনের প্রতিবাদে কানাডার হাইকমিশনারকে তলব করেছে নয়াদিল্লি।স্থানীয় সময় শুক্রবার (৪ ডিসেম্বর) হাইকমিশনারের উদ্দেশে এক বিবৃতি জানায়, দিল্লিতে চলমান কৃষক বিক্ষোভ সামাল দেয়ার বিষয়ে ট্রুডোসহ দেশটির সংসদ সদস্যের মন্তব্য নয়াদিল্লি-অটোয়ার সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।নয়াদিল্লি বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলে, ‘এই ধরনের সমর্থনে কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে কট্টরপন্থীরা বিক্ষোভ দেখিয়েছে। পরিস্থিতি এমনই হয়েছে যে ভারত সরকার নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে। আমরা আশা করছি, ট্রুডো সরকার আমাদের কূটনৈতিক এবং দেশটিতে থাকা অন্যান্য কর্মকর্তাদের দ্রুত পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবে।’গত (১ ডিসেম্বর) ভারতজুড়ে চলমান আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, কানাডা সবসময় অধিকার আদায়ে শান্তিপূর্ণ প্রতিবাদের পাশে আছে। কৃষক বিক্ষোভ নিয়ে ট্রুডো বলেন, ভারত থেকে কৃষকদের প্রতিবাদের যেসব খবর আসছে, তা স্বীকার না করলে আমার অনুশোচনা হবে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। আমরা সবাই কৃষকদের পরিবার এবং বন্ধুদের জন্য চিন্তিত।’