
আন্তর্জাতিক ডেস্কঃ বিক্রির জন্য নিলামে উঠানো হবে একটি বাঘের কঙ্কাল। এরই মধ্যে নিলাম প্রক্রিয়ার সকল প্রস্তুতিও শেষ করেছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার পিগুয়েট নিলাম ঘর। তবে এই কঙ্কালটি বিক্রি করতে নিলামের প্রথম হাতুড়ি বাড়িটি পড়বে ৬০ হাজার সুইসফ্রাঙ্ক (সিএইচএফ)। যদি তা টাকার অঙ্কে করা হয় তাহলে নিলাম শুরু হবে বাংলাদেশি মুদ্রার ৫৭ লাখ টাকায়। আর নিলাম ইতি টানতে পড়বে ৮০ হাজার সিএইচএফ অর্থাৎ ৭৬ লাখ টাকা। সবার মনে প্রশ্ন জাগতে পারে কি এমন আছে এই বাঘের কঙ্কালে। কেনই বা এতো দামে কিনতে হবে এই কঙ্কালটি। তারও বিস্তারিত তথ্য জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠানটি। এটি কোনো সাধারণ বাঘের কঙ্কাল নয়। কিংবা অনেকেরই ধারণা হবে না কঙ্কালটি আনুমানিক বয়স কত। পিগুয়েট জানিয়েছে, নিলাম হতে চলা বাঘের কঙ্কালটির আনুমানিক বয়স ৩ কোটি ৭০ লাখ বছর। শুধু তাই নয়, এই কঙ্কালে বাঘের সামনের দুইটি দাঁত বড় এবং ধনুকের মতো বাঁকা। যেমনটা দেখা যায় প্রাগৈতিহাসিক যুগের পশুদের নিয়ে তৈরি ফিল্মে। কঙ্কালটি আমেরিকার উত্তরাংশ থেকে উদ্ধার হয়েছে। আগামী মঙ্গলবার (৮ ডিসেম্বর) জেনেভার স্থানীয় সময় রাত ৯টায় পড়বে নিলামের হাতুড়ির বাড়ি। এরই মধ্যে পিগুয়েট তাদের ওয়েবসাইটে কঙ্কালটির চারটি ছবিসহ নিলামের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। আর নিলামের দিনেই তা সবার সামনে আনা হবে। চলতি বছর ডিসেম্বরের ৩২৩ নম্বর নিলাম লটে তোলা হচ্ছে কঙ্কালটি। কঙ্কালটি আমেরিকার সাউথ ডোকাটা-য় পাওয়া গিয়েছে। এটির ওজন প্রায় ১৬০ কেজি।