News71.com
 International
 07 Dec 20, 11:22 AM
 325           
 0
 07 Dec 20, 11:22 AM

করোনার মধ্যে অন্ধ্রপ্রদেশে অজানা রোগ।। হাসপাতালে ২০০ জন

করোনার মধ্যে অন্ধ্রপ্রদেশে অজানা রোগ।। হাসপাতালে ২০০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার মধ্যে অজানা এক রোগ হানা দিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে। প্রায় কাছাকাছি ধরনের উপসর্গ নিয়ে শহরের দুইশ'র বেশি বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়েছেন। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সম্প্রতি শহরের অনেকে খিঁচুনি, কাঁপুনি, মাথা ঘুরে পড়ে যাওয়া ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা।সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিশু এবং নারীসহ ২২৮ জন ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ৭৬ জনকে এরিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।আক্রান্তরা সকলেই ইলুরু শহরেরই বাসিন্দা। এমনকি তারা একসঙ্গে কোনও অনুষ্ঠানে যোগও দেননি। আর তাই রোগের উৎস নিয়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন চিকিৎসকরাও।

‘অজানা’ এই রোগের খবর পাওয়ার পর ইলুরুতে পাঠানো হয় চিকিৎসকদের একটি দল। তারা উপসর্গ খতিয়ে দেখেন। রোগীদের রক্তপরীক্ষাও করা হয়। তবে তাতে অস্বাভাবিক কিছু মেলেনি বলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আলা নানি রোববার বলেন, আক্রান্তদের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তা নেগেটিভ এসেছে। জরুরি ভিত্তিতে ইলুরুতে ১৫০ শয্যা এবং বিজয়ওয়াড়ায় আরও ৫০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন নানি। যে সব জায়গায় আক্রান্ত রয়েছেন সেখানে ডোর টু ডোর সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছে। খোলা হচ্ছে মেডিক্যাল ক্যাম্পও। রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি বলেন, জীবনের কোনও ভয় নেই। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ারও কোনও কারণ নেই। সরকার প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন