
আন্তর্জাতিক ডেস্কঃ টিউমার ভেবে অস্ত্রোপচারের পর এক রোগীর পেটে পাওয়া গেছে আস্ত একটি ‘সিদ্ধ ডিম’। কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে এমন ঘটনা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়ে তা সিদ্ধ ডিমের আকার নিয়েছে। পুরো ভারতে এমন ঘটনার খুব বেশি নজির নেই বলে জানিয়েছেন তারা। আর জি কর হাসপাতাল সূত্রে খবর, কয়েক মাস ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে প্রস্রাবের সময় জ্বালাপোড়া ছিল তার। কিছুতেই সেই ব্যথা না কমায় গত বৃহস্পতিবার তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। হাসপাতালের সার্জারি বহির্বিভাগের চিকিৎসক জানান, রোগীর মূত্রথলিতে সংক্রমণের জন্য তলপেটে ব্যথা হতে পারে। এ সময় রোগীর আল্ট্রাসোনগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে।