
আন্তর্জাতিক ডেস্কঃ জিনজিয়ানের উইঘুরসহ সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে চীনের চালানো নৃশংসতাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে কয়েকটি দেশ। কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত টু শব্দটি উচ্চারণ করেনি মুসলমানদের সর্ববৃহৎ জোট ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।উইঘুরদের প্রতি চীনের নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলমানদের সংগঠনগুলো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সংস্থা ওআইসির বিরুদ্ধে চীনের গণহত্যায় সহযোগিতারও অভিযোগ তুলেছে তারা।বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতিত-নিপীড়িত হয় কমবেশি সমালোচনা করে ৫৭টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জোট ওআইসি। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের অত্যাচারের তীব্র সমালোচনা করে জোট। পাকিস্তানের অনুরোধে সাড়া দিয়ে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকারের চালানো মুসলিম নিধনের নিন্দাও জানিয়েছে ওআইসি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, চীনের পশ্চিমাঞ্চলীয় রাজ্য জিনজিয়ানে উইঘুর এবং তুর্কিভাষী ১০ লাখের বেশি মুসলমানকে গণকারাগারে বন্দি করে নির্মম নির্যাতন চালাচ্ছে বেইজিং। তাদের ইসলাম ধর্ম ত্যাগে বাধ্য করা হচ্ছে। দীক্ষা দেওয়া হচ্ছে সমাজতন্ত্রের। এসবের পরও সৌদি আরবে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয় থেকে ন্যূনতম উদ্বেগও জানানোও হয়নি।