
আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে নেপালের প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। একই সঙ্গে তিনি দেশে নতুন করে মধ্যবর্তী নির্বাচনের তারিখও ঘোষণা দেন। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল প্রথম দফা এবং ১০ মে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে।তবে ওলির দল নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) একটা অংশসহ সংবিধান বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন। নেপালের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, গতকাল সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী ওলি। সেখানে তিনি বলেন, তাঁরা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তাই পার্লামেন্ট ভেঙে দেওয়া হোক। এর আগের দিন শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি।
দ্য কাঠমাণ্ডু পোস্ট, হিমালয়ান টাইমসসহ নেপালের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সাংবিধানিক পরিষদ আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে চাপ বাড়ছিল কে পি শর্মা ওলির ওপর। গত মঙ্গলবার প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারিকে দিয়ে সেটি সইও করিয়ে নিয়েছিলেন তিনি। এছাড়া তার নিজ দলের দুটি পক্ষের মধ্যে বিরোধিতাও চরমে পৌঁছেছিল। বিবদমান দুটি পক্ষের একটির নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান ওলি। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন দলের নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ড। সংবিধান অনুযায়ী আগামী ২০২২ সালে দেশটিতে পরবর্তী নির্বাচন হওয়ার কথা।