
আন্তর্জাতিক ডেস্কঃ বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর ভারতে প্রতিপক্ষের সাংসদ-নেতা বাগিয়ে নেওয়া নতুন মাত্রা পেয়েছে। সাংসদ কেনাবেচার ঘটনায় কিছু রাজ্যে রীতিমতো সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেও একই কৌশলে এগোচ্ছে বিজেপি। আর তাতেই মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গেছে। এই সময় জানায়, বিধানসভা ভোটের আগেই দলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী দল ছাড়বেন, তা ধরেই নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু, একই দিনে শুভেন্দু ছাড়াও আরও দুই নেতা দল ছেড়ে যাওয়ার পরই শুক্রবার কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন মমতা।
সূত্রের বরাত দিয়ে এই সময়ের প্রতিবেদনে বলা হয়, দলের ভাঙন ঠেকানোর রাস্তা খুঁজতেই কালীঘাটের বাড়িতে শুক্রবার বিকেলে জরুরি এই বৈঠক ডাকা হয়েছে। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়েছেন তার সঙ্গে আরও ১০ বিধায়ক তৃণমূল ছাড়বেন। তাই বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তৃণমূলের। বৃহস্পতিবার শুভেন্দু ছাড়াও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আসানসোলের বিদায়ী মেয়র পৌর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং রাজ্যের সাবেক মন্ত্রী বাঁকুড়া জেলা তৃণমূলের সহ-সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে মোকাবিলা করার চেয়েও তৃণমূল নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ এখন ভাঙন ঠেকানো। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গদি দখলের আগাম ঘোষণা দিয়ে রেখেছে বিজেপি।