
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সামাজিক সুরক্ষা কর্মসূচি 'ডিবাও' দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার অবস্থান থেকে সরে এসেছে। বর্তমানে সামাজিক এই কর্মসূচিকে চীন সরকারের ভিন্নমত দমনে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একজন সমাজ বিজ্ঞানী তার গবেষণায় এ দাবি করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণ জনগণের জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত করতে এবং রোজগারের বৈষম্য কমাতে 'ডিবাও' চীনের একমাত্র সামাজিক সুরক্ষা কর্মসূচি। এই কর্মসূচির অধীনে স্থানীয় সরকার দ্বারা নির্ধারিত সীমার আওতায় থাকা ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়।
তবে 'ডিবাও' কর্মসূচির আওতায় আসার জন্য আবেদনকারী এবং সুবিধাপ্রাপ্তদের অনেকেই বলছেন, এর প্রক্রিয়া অস্বচ্ছ এবং এর মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। চাইনিজ অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সেস ২০১২ সালের এক গবেষণায় দেখেছে, ডিবাও কর্মসূচির বদৌলতে মাত্র ২০-৩০ শতাংশ পরিবার সুবিধা পেয়েছে। লেখক জেনিফার প্যান সম্প্রতি একটি বই লিখেছেন। ওয়েলফেয়ার ফর অটোক্র্যাটস নামকে সেই বইয়ে চীনের দমনমূলক সাহায্যের ধারণা ব্যাখ্যা করেছেন তিনি। অথচ, ১৯৯০ এর দশক থেকে দরিদ্র জরগোষ্ঠীর অবস্থান পরিবর্তনের জন্য ডিবাও কর্মসূচি ব্যবহার হতো। কিন্তু শূন্য দশকে এসে এই সামাজিক সুরক্ষা কর্মসূচি ভিন্নখাতে প্রবাহিত হতে শুরু করে। রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয় সামাজিক সুরক্ষা কর্মসূচি। ভিন্নমত দমনের ক্ষেত্রেও কাজে লাগানো শুরু হয়।