
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে দেশটির একটি হাসপাতালের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে সুসান মুর নামে ৫২ বছর বয়সী নারী কৃষ্ণাঙ্গ চিকিৎসক অবহেলায় মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। মৃত্যুর আগে করোনায় আক্রান্ত ওই নারী চিকিৎসক রাজ্যের ‘ইউনিভার্সিটি হাসপাতাল নর্থ’-এর চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার ব্যাপক অভিযোগ করে যান। ডা. মুরে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। স্থানীয় সময় রোববার (২০ ডিসেম্বর) মারা গেছেন তিনি।মৃত্যুর আগে তার করা ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষের মাঝে এ নিয়ে ব্যাপক প্রতিক্রয়া দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য সুসান মুরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। মৃত্যুর আগে তার তীব্র শ্বাসকষ্টের সময় যন্ত্রণায় শ্বেতাঙ্গ চিকিৎসকের কাছে অনুরোধ করলেও কোন ব্যবস্থা নেননি বলেও ভিডিও-তে অভিযোগ করেন ওই কৃষ্ণাঙ্গ নারী চিকিৎসক।