
আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক মাস আগে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ যুবককে নৃশংসভাবে খুন করা হয় আমেরিকায়। সেই মৃত্যুর প্রতিবাদে ঝড় উঠেছিল আমেরিকাজুড়ে। ফের এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবককে খুন করার প্রতিবাদে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শামিল হলো সে দেশের বড় অংশের মানুষ। অভিযোগ, এ মাসে এ নিয়ে দু’জন কৃষ্ণাঙ্গকে খুন করেছে পুলিশ। গত সোমবার তাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। তার নাম মরিস হিল (৪৭)। ওইদিন রাতে বাড়ির গ্যারেজে ছিলেন তিনি। তখন তাকে পরপর গুলি চালিয়ে মেরে ফেলেন এক পুলিশ অফিসার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মরিস ওই অফিসারের দিকে এগিয়ে যাচ্ছেন। তার এক হাতে ধরা ছিল মোবাইল। তবে অন্য হাতে কিছু ছিল কিনা, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে পরে জানা যায়, তার কাছে কোনো অস্ত্র ছিল না। কলম্বাস পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশ অফিসার অ্যাডাম কয়েরের মনে হয়েছিল মরিসের হাতে বোধ হয় কোনো অস্ত্র রয়েছে। আর তাই তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়ে দেন। কলম্বাসের পুলিশ কর্তা টমাস কুইনল্যান জানিয়েছেন, ওই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হবে। বিনা কারণে এক নিরপরাধ মানুষের প্রাণ চলে গেছে জানিয়ে তিনি দুঃখ প্রকাশও করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগেও এ ধরনের অতিরিক্ত সক্রিয়তা দেখিয়েছিলেন অভিযুক্ত অফিসার। এর আগে গত ৪ ডিসেম্বর কেসি গুডসন নামে এক কৃষ্ণাঙ্গ যুবক স্যান্ডউইচ হাতে বাড়ি ফেরার সময় তাকে গুলি চালিয়ে মেরে ফেলে পুলিশ। পরে জানা যায়, তার হাতের স্যান্ডউইচকে আগ্নেয়াস্ত্র ভেবে ভুল করেছিল তারা।