
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় অস্ত্রধারীদের হামলায় নিহত গ্রামবাসীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। বুধবার ভোরে দেশটির পশ্চিম বেনিশাংগুল-গুমুজ প্রদেশে ওই হামলা চালানো হয়। দেশটির রেড ক্রসের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, এখন পর্যন্ত ২০৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। রেড ক্রসের স্বেচ্ছাসেবী মেলিজ মেসফিন রয়টার্সকে বলেন, ‘গতকাল আমরা ২০৭ জনকে কবর দিয়েছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গোষ্ঠীগত সহিংসতা বন্ধে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই প্রদেশের ভ্রমণের একদিন পর এই নৃশংস ঘটনা ঘটে। ইথিওপিয়ার মানবাধিকার কমিশন বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিদের গুলি ও অগ্নিসংযোগে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।’ ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের দমনে লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সহিংসতায় প্রায় ১০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।