
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনভাইরাসের নতুন ধরন পাওয়া যাওয়ার পর নাইজেরিয়ায় করোনার আরেকটি নতুন ধরন পাওয়া গেছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান জন এনকেনগ্যাসং গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার থেকে এ ধরনটি ভিন্ন।’ তিনি জানান, নাইজেরিয়ার সিডিসি এবং সে দেশে অবস্থিত আফ্রিকার সংক্রামক ব্যাধিবিষয়ক জিন গবেষণা কেন্দ্র আরও নমুনা পরীক্ষা করে দেখবে।
যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার মধ্যেই নাইজেরিয়ার এই ধরনটি পাওয়া যাওয়ায় মহামারী পরিস্থিতিতে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। নাইজেরিয়ায় গত সপ্তাহে সংক্রমণ ৫২ শতাংশ ও দক্ষিণ আফ্রিকায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরনটি সেখানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।