
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির বার্লিনে গোলাগুলির ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার বার্লিনের কয়েৎজবার্গ জেলায় এ গোলাগুলি হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। অপরাধীদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানায়, গোলাগুলির কারণ সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে এটি রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি-এসপিডির কার্যালয়ের কাছে এ গোলাগুলি হয়। এ ঘটনায় ল্যান্ডহের খাল থেকে পায়ে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বাকিরা রাস্তায় পড়েছিলেন। সাবওয়ে স্টেশনেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। বার্লিনে বিভিন্ন দল আর অপরাধী গোষ্ঠীর মধ্যে এর আগেও এমন গোলাগুলির ঘটনা ঘটেছে।