
আন্তর্জাতিক ডেস্কঃ নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ না করেই তাকে ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন নির্বাচনের চেয়ে আফগানিস্তানে ভালো নির্বাচন হয় বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিজনেস ইনসাইডার ইন্ডিয়াসহ বহু সংবাদমাধ্যম এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে। ২৬ ডিসেম্বর এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, তরুণ একজন সেনা সদস্য আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে অনেক ভালো নির্বাচন হয়। আর আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ ই-মেইল ব্যালটে অনিয়ম হয়েছে। তৃতীয় বিশ্বের দেশে এমন নির্বাচন হয়। ভুয়া প্রেসিডেন্ট! প্রসঙ্গত, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার এবং ইলেক্টরাল ভোটে জিতেছেন জো বাইডেন। আসছে বছরের ২০ জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করবেন। কিন্তু নির্বাচনে কারচুপি হয়েছে বলে এখনো ফল মেনে নেননি ট্রাম্প।