
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর-পূর্বাঞ্চলীয় চীনে ছুরি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে। তবে আহত বা নিহতদের পরিচয় জানা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, দেশটির লিয়াওনিং প্রদেশের কাইয়ুয়ান শহরের ছুরি হামলার ঘটনা ঘটেছে। ইয়াং নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রীয় মিডিয়া। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা আইন আগ্নেয়াস্ত্রের বিক্রয় ও নিজের কাছে রাখাকে নিষিদ্ধ করেছে। কিন্তু প্রায়ই ছুরি বা বাড়িতে তৈরি বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয় বিভিন্ন অঞ্চলে। অতীতে একই ধরনের হামলাকারীদের মানসিকভাবে অসুস্থ বা সহিংসতা বলে বর্ণনা করা হয়েছে। এর আগে চলতি বছরের জুনে গুয়াংসির একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলা চালানো হয়। ওই ঘটনায় স্কুলটির কমপক্ষে ৩৯ জন আহত হয়। পরে অপরাধীকে গ্রেপ্তার করে মৃত্যদণ্ড দেওয়া হয়েছিল।