
নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত ছৈলেংটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লক্ষ্মীবতী রিয়াং (১৮) ও বীরেন্দ্র রিয়াং (৭০)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে ৪২ জন যাত্রী নিয়ে একটি মিনিট্রাক ডলুছড়া এলাকা থেকে ছৈলেংটায় আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লক্ষ্মীবতী নামে এক নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছৈলেংটা হাসপাতালে ভর্তি করে।
এদের মধ্যে ২৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ছৈলেংটা হাসপাতালের চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ধলাই জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বীরেন্দ্র নামে আরেকজনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক পরিমল দেব্বর্মা। তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।