
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সন্নিকটে। আগামী বছরের মাঝামাঝি রাজ্যে পালাবদল হবে, নাকি তৃতীয়বার ক্ষমতার বাঁধন ধরে রাখতে সফল হবে বর্তমান শাসকদল- এ নিয়ে প্রতিদিনই চর্চা চলছে উৎসুক রাজ্যবাসীর মধ্যে। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি, পশ্চিমবঙ্গে ২শ’র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একজন হবেন যিনি এ রাজ্যেরই ভূমিপুত্র। এরকম গুঞ্জন দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর দিকেই ইঙ্গিতপূর্ণ কিনা তা তো সময় বলবে। অবশ্য এ নিয়ে দাদা একটাও কথা বলেননি। তবে রোববার (২৭ ডিসেম্বর) রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ। আর তা সৌজন্য সাক্ষাৎ বলা হলেও সে মিটিং চলছে দু’ঘণ্টা।
রাজভবন থেকে সৌরভ বের হয়ে গতকাল বলেছিলেন, কোনোকিছু মনগড়া ভাববেন না। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ। রাজ্যপাল কোনোদিন ইডেন গার্ডেন দেখেননি। তাই তাকে ইডেন দেখার আমন্ত্রণ জানালাম। অপরদিকে, উনি দায়িত্ব নেওয়ার পরে আমার রাজভবনে আসা হয়নি। তাই এই সাক্ষাৎ। কিন্তু, বিসিসিআই সভাপতি সৌরভ গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে সোমবারই (২৮ ডিসেম্বর) দিল্লি গেলেন। সেখানে ফিরোজ শাহ কোটলার একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই মঞ্চে আবার উপস্থিত ছিলেন অমিত শাহ। এই সাক্ষাৎ ঘিরে ইতোমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।