
নিউজ ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ২০২০ সালটি ছিল পরীক্ষা, দুঃখজনক ঘটনাবহুল এবং অশ্রুসিক্ত একটি বছর। করোনা আমাদের জীবনকে পাল্টে দিয়েছে এবং বিশ্বকে দুর্ভোগ ও শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে। হারিয়ে গেছে অনেক প্রিয়জন এবং ক্রমবর্ধমান মহামারি, অসুস্থতা এবং মৃত্যুর নতুন ঢেউ তৈরি করছে। ২০২১ সালের নববর্ষ উপলক্ষে দেওয়া একবার্তায় তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, দারিদ্র্য, অসাম্য এবং ক্ষুধা বাড়ছে। চাকুরি হারিয়ে যাচ্ছে এবং ঋণ পাহাড়সম হচ্ছে। ছেলে-মেয়েরা লড়াই করে যাচ্ছে। পারিবারিক সহিংসতা বাড়ছে এবং সর্বত্রই বিরাজ করছে নিরাপত্তাহীনতা। তবে আগত নতুন বছরে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। তিনি বলেন, প্রতিবেশী ও অপরিচিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মানুষ। সম্মুখযোদ্ধারা তাদের সব কিছু উজাড় করে দিচ্ছেন। বিজ্ঞানীরা রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করছেন ও জলবায়ু বিপর্যয়রোধে দেশগুলো নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। আমরা ঐক্য ও সংহতি নিয়ে যদি একসঙ্গে কাজ করি, তবে আশার এ আলো বিশ্বজুড়ে পৌঁছাতে পারে। এটিই এ কঠিন বছরের শিক্ষা।