
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডিয়ানদের স্বাভাবিক জীবন যাপনে জীবনের যত আকাঙ্ক্ষা, বুক ভরা স্বপ্ন, আর গতিময়তায় কোথাও কমতি ছিল না। ২০২০ এর বৈশ্বিক মহামারী হঠাৎ করেই সারা বিশ্বের সাথে যেন কানাডিয়ানদের জীবনের গতিও থামিয়ে দিয়েছে। যদিও করোনা মহামারীর প্রারম্ভ থেকে শুরু করে আজ পর্যন্ত কানাডা সরকারের নাগরিকদের জনস্বাস্থ্যর উপর এবং অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে যে উদ্যোগ তা সারা বিশ্বে প্রশংসিত হলেও প্রকৃত অর্থে কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের উপর পড়েছে ব্যাপক প্রভাব। এক গবেষণায় প্রাপ্ত তথ্য মতে করোনাকালীন সময়ে কানাডায় কমপক্ষে ৪০ শতাংশ নাগরিক মানসিক স্বাস্থ্য, আসক্তি বা অ্যালকোহল জনিত সমস্যার মুখোমুখি হয়েছেন।
এক সমীক্ষায় বলা হয়েছে, মহামারি শুরুর আগের তুলনায় এখন কানাডিয়ানদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ। এতে অ্যালকোহলে ব্যয় বেড়েছে। সমীক্ষায় প্রতি পাঁচজনে দু'জন কানাডিয়ান জানান করোনাকালীন তাদের মানসিক স্বাস্থ্য মহামারি শুরুর আগের চেয়ে খারাপ। এসময় কানাডিয়ানদের অ্যালকোহলে ব্যয় ২০ শতাংশ বেড়ে গেছে বলে উঠে এসেছে। করোনাভাইরাসের বিস্তার পৃথিবীকে এক অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।