
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সঙ্গে সংঘাতের আবহে ভারতে আসছে ফরাসি বায়ুসেনার চারটি রাফালে যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতেই বিমানগুলো আসছে বলে জানা গেছে। জানা গেছে ফরাসি বায়ুসেনার রাফালের সঙ্গেই ভারতে আসছে এয়ারবাস-এ৩৩০ ট্যাংকার বিমানও। মাঝআকাশে যুদ্ধবিমানগুলোতে জ্বালানি ভরতে এই বিমান ব্যবহার করা হয়।
ফরাসি এয়ারবেস থেকে ভারতের রাফালে জেটগুলোকে আনতেও মাঝপথে আকাশে জ্বালানি ভরতে ট্যাংকার বিমান ব্যবহার করা হয়েছিল। ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার বায়ুসেনার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে ফরাসি রাফালেগুলো। ভারতীয় বিমান বাহিনী সূত্রের খবর রাজস্থানের যোধপুরে জানুয়ারির ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত সামরিক মহড়া চালাবে ভারত ও ফ্রান্সের বিমানবাহিনী।