
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা থেকে বেঁচে যাওয়া ইতালির মানুষ নতুন বছর উদ্যাপন করতে গিয়ে শতশত পাখির প্রাণ কেড়ে নিয়েছে। রোম শহরের এই ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ। স্কাই নিউজের একটি ভিডিওতে দেখা গেছে, রোমের প্রধান ট্রেন স্টেশনের কাছে অনেক পাখি পড়ে রয়েছে। এদের মধ্যে অধিকাংশ স্টার্লিং পাখি। প্রাণী সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আইওপিএ দাবি করছে, গাছগাছালি অঞ্চলে ব্যাপক হারে আতশবাজি পোড়ানোর কারণে পাখিদের এই পরিণতি ভোগ করতে হয়েছে। সংগঠনের মুখপাত্র লোরডানা ডিজিলিও বলছেন, ‘তারা ভয় থেকে মরতে পারে। বিকট শব্দ শুনে সবাই একসঙ্গে আকাশে উড়েছে। একে-অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। জানালায় গিয়ে পড়েছে। বিদ্যুতের তারে বেঁধেছে। ভুলে গেলে চলবে না, তারা হার্ট-অ্যাটাকেও মরতে পারে।’ অথচ করোনার প্রকোপ ঠেকাতে রোমে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল। রাত দশটা পর্যন্ত শহরে কারফিউ ছিল।