
আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ নারী নিহত হয়েছেন। শুক্রবার (০১ জানুয়ারি) খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিন বন্দরনগরী হুদাইদায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। হুদাইদা বিমানবন্দরের কাছে বিয়ের অনুষ্ঠানে এ হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে সরকার এবং হাউথি বিদ্রোহীরা। হাউথিদের নিয়ন্ত্রণাধীন শহরটি পুনরুদ্ধারে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সরকারি বাহিনী। এর আগে এডেন বিমানবন্দরে হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। ওইদিন বিমানে করে সৌদি আরব থেকে দেশে ফেরেন নতুন মন্ত্রিসভার সদস্য এবং কর্মকর্তারা। বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।
হামলায় ইন্টারন্যাশনাল রেড ক্রসের দুই কর্মী নিহত হয়েছে। একজন এখনো নিখোঁজ বলে জানানো হয়। বুধবারের ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথিরা হামলার অভিযোগ অস্বীকার করেছে। পরে সৌদি জোট জানায়, প্রেসিডেন্সিয়াল প্যালেসে হামলা চেষ্টার সময় বিস্ফোরকভর্তি একটি ড্রোন তারা ভূপাতিত করেছে। জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ দলের সরকারি প্রতিনিধি জেনারেল সাদেক দৌদি হুদাইদা বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন। ওই হামলায় আহত হয় আরও ৭ জন। সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে হাউথি বিদ্রোহী জঘন্য অপরাধ করেছে বলেও মন্তব্য করেন।