
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা ভ্যাকসিনের খরচ নিয়ে সব ধরনের প্রশ্ন, উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দিলেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সরকারিভাবে ঘোষণা দিলেন, গোটা ভারতেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। শনিবার (২ জানুয়ারি) দিল্লিতে তিনি জানিয়েছেন, শুধু দিল্লি নয়, গোটা দেশে সবাই বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবেন। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই টিকাকরণ শুরু হবে। তবে প্রথমদিকে তাতে খুব একটা গতি আনা সম্ভব হবে না বলেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে জানানো হয়েছে। কারণ প্রথমদিকে টিকার সরবরাহ কেমন থাকবে, তা এখনও পরিষ্কার নয়। টিকাকরণের ক্ষেত্রে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, এককথায় প্রথম সারির যোদ্ধাদের তালিকা অনুযায়ী টিকা দিতে প্রায় দু’মাস সময় লেগে যাবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা শর্ত আরোপ করে অনুমোদন দিতে বিশেষজ্ঞ প্যানেলের সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা শুক্রবার বৈঠক করে অনুমোদনের পক্ষে সায় দেন।