
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শ্মশানঘাট প্রাঙ্গণের আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত আরও অন্তত ১৯ জন চিকিৎসাধীন। রোববার (৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।ডিভিশনাল কমিশনার আনিতা সি মিশ্রা বলেন, উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলায় বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন অন্তত ৪০ জন। ওই সময় আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। ভবনটি যখন ধসে পড়ে তখন শ্মশানে মরদেহ পোড়ানো হচ্ছিল। আশ্রয় নেয়া লোকজন মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন, প্রতিবেশী।
ছাদ ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। মিশ্রা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো। যারা জড়িত তাদের যতো তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবো।