
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মি সীমান্তে প্রথাগত নয় এমন সব অস্ত্র ব্যবহার করছে। তাদের দাবি, এর ফলেই সীমান্ত সমস্যা তীব্র আকার ধারণ করেছে এবং ভারত সীমান্তে ট্যাঙ্ক, সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক পর্যালোচনায় প্রকাশ পেয়েছে এই নতুন তথ্য। ২০২০ সালে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ এটি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ব লাদাখ সীমান্তে স্থিতাবস্থা জোর করে বদল করেছে চীন। তাদের উস্কানিমূলক আচরণ পরিস্থিতিকে আরো সমস্যার দিকে ঠেলে দিয়েছে। এ জন্যই ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর ও পূর্ব লাদাখের শান্তি রক্ষায় কঠোর হয়েছে।
ভারত জানায়, ভারতীয় সেনাবাহিনী দুই দেশের মধ্যে সমস্ত নীতি ও চুক্তি মেনে চলেছে। কিন্তু চীনের সেনারা পরিস্থিতিকে জটিলতার দিকে ঠেলে দিয়েছে। তারা অস্ত্র ব্যবহার করছে ও বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়, ২০ জন ভারতীয় সেনা সেই সময়ে চীনের অনুপ্রবেশ রুখতে গিয়ে সীমান্তে প্রাণ হারিয়েছেন। চীনেরও ক্ষতি হয়েছে। তবে এই ঘটনার দায় পুরোটাই চীনা প্রশাসনের উপর চাপিয়েছে ভারত।