News71.com
 International
 05 Jan 21, 09:41 PM
 321           
 0
 05 Jan 21, 09:41 PM

করোনার প্রকোপে জরুরি অবস্থা জারির পরিকল্পনা জাপানের

করোনার প্রকোপে জরুরি অবস্থা জারির পরিকল্পনা জাপানের

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন অংশে জরুরি অবস্থা ঘোষণা করার বিষয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা। নববর্ষের ছুটিতে সংক্রমণ রুখতে এ পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে টোকিও, কানাগাবা, চিবা এবং সায়াতামার অঞ্চলগুলোকে লক্ষ্য করা হবে। কবে থেকে জরুরি অবস্থা জারি করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু জানাননি। তবে সরকারি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হতে পারে এবং শুক্রবার থেকে তা কার্যকর করা হতে পারে।

জাপান জরুরি অবস্থার সময় ভাইরাসবিরোধী প্রচেষ্টায় বাসিন্দাদের সহযোগিতা আহ্বানের জন্য গভর্নরদের আইনগত ক্ষমতা দিয়েছে। তবে এই আহ্বান না মানলে কোনো জরিমানার বিধান রাখা হয়নি। প্রধানমন্ত্রী সুগা বলেন, এ অবস্থার পরিবর্তনের জন্য সরকার চলতি মাসে একটি আইন সংশোধনের প্রস্তাব করবে। গত বছরের এপ্রিল মাসে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছিল সরকার। এক মাসেরও বেশি সময় স্থায়ী ছিল ওই জরুরি অবস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন