
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, উপসাগরীয় নেতারা সৌদি আরবের একটি শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের অবসান ঘটাতে ‘সংহতি ও স্থিতিশীলতা’ চুক্তিতে স্বাক্ষর করেছেন। আজ মঙ্গলবার সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠকে এই ঘোষণা আসে। এর মাধ্যমে কাতারের সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের বিরোধের অবসান হল।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সৌদি আরবের আল-উলা শহরে অনুষ্ঠিত হয় ৪১তম জিসিসি সম্মেলন। এ সময় চুক্তিতে সই করেছেন জোটের ছয় সদস্য দেশের প্রতিনিধিরা। এর ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাতারের ভূরাজনৈতিক সংকটের অবসান হচ্ছে বলে মনে করা হচ্ছে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, এসব প্রচেষ্টা আমাদের আল-উলা চুক্তিতে পৌঁছাতে সহায়তা করেছে, যেখানে আমরা উপসাগরীয়, আরব্য এবং ইসলামী সংহতি ও স্থিতিশীলতার বিষয়টি নিশ্চিত করছি। এ সময় চুক্তিতে মধ্যস্থতার জন্য কুয়েত এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান সৌদি যুবরাজ। তিনি বলেন, এ অঞ্চলের উন্নতি এবং চারপাশের চ্যালেঞ্জ, বিশেষ করে ইরান সরকারের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাশকতার পরিকল্পনা মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। এবারের জিসিসি সম্মেলনে সদস্য দেশগুলো আল-উলা ঘোষণার দু’টি নথিতে সই করেছেন। তবে এর বিষয়বস্তুগুলো এখনো প্রকাশ করা হয়নি।