News71.com
 International
 06 Jan 21, 08:01 PM
 284           
 0
 06 Jan 21, 08:01 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে ভিসা দিতে অনীহা চীনের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে ভিসা দিতে অনীহা চীনের

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলকে চীনে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাতিসংঘের দুই বিজ্ঞানী চীনের উহানে যেতে চাইলে চীনা কর্মকর্তারা তাদের চীনে প্রবেশের অনুমতি বাতিল করে দেয়। গতকাল মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে চীনের এমন আচরণের কথা জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

 

গেব্রেয়াসুস জানান, চীনকে ডব্লিউএইচওর দলটিকে সে দেশে ঢোকার অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আবারো পরিষ্কার করেছি যে, এই মিশনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক মহলের জন্য একটি অগ্রাধিকার। ডব্লিউএইচও প্রধান বলেন, তার সংস্থা যত দ্রুত সম্ভব মিশনটি চালুর জন্য আগ্রহী। এর আগে বেইজিং-এর পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে, দ্রুততম সময়ের মধ্যে তারা বিশেষজ্ঞ দলটির জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে তারা সেটা করেনি বলে জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, এখানে ভিসার একটি সমস্যা রয়েছে। বিশেষজ্ঞ দলটির একজন সদস্য ইতমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। অন্যজন তৃতীয় একটি দেশে ট্রানজিটের অপেক্ষায় রয়েছেন।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনা কর্তৃপক্ষের কাছে এ তদন্তের অনুমতি চেয়েছে সেই শুরু থেকেই। তবে প্রথমে চীন অস্বীকৃতি জানায়। এরপর শেষ পর্যন্ত ডব্লিউএইচওর সঙ্গে সমঝোতায় পৌঁছায় বেইজিং। গত ডিসেম্বরের মাঝামাঝি ডব্লিউএইচও জানায়, করোনার উৎস তদন্তের লক্ষ্যে ২০২১ সালে চীনের উহান শহরে যাবে ১০ জন আন্তর্জাতিক বিজ্ঞানীর একটি দল। তখন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল বেইজিং। কিন্তু এখন তারা ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলটিকে দেশে ঢোকার অনুমতি দিচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন